ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 17, 2026 - 1:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত এবরান আলী ওই এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

​শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
​র‍্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

​র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত ছিল।

​গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।