ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের অবদান ভুলবে না দেশ: নওশাদ জমির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 21, 2026 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ ২০২৪ সালের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারের সদস্যদের খোঁজ নিতে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে তাদের সঙ্গে দেখা করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

বুধবার দুপুরে তিনি প্রতিটি পরিবারের স্বজনদের খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় নওশাদ জমির বলেন, গণতন্ত্র উদ্ধার এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষার জন্য জুলাই শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। দেশনায়ক তারেক রহমান এসব পরিবারকে সহায়তার জন্য ইতোমধ্যে সুপরিকল্পিত উদ্যোগের কথা জানিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করা হবে। তিনি শহীদ পরিবারের সদস্যদের ব্যক্তিগত কষ্ট-সমস্যাগুলো সরাসরি তাকে জানাতে অনুরোধ করেন।

ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীকে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনি বলেন, পঞ্চগড়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী এবং এ বিষয়ে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা।
প্রতীক বরাদ্দের মাধ্যমে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

নওশাদ জমিরের আশ্বাসে শহীদ পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে বলে জানান স্থানীয়রা, এবং নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে।