নেত্রকোনার বারহাট্টায় পাটের বস্তা ব্যবহার না করায় অটো রাইচ মিল মালিককে জরিমানা
নেত্রকোনা প্রতিনিধিঃ পাটের বস্তা ব্যবহার না করায় নেত্রকোনার বারহাট্টার অতিথপুর বাজারের অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর বাজারে অবস্থিত মেসার্স শাওন অটো রাইচ মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ নং ধারা মোতাবেক মেসার্স শাওন অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান সরকারি নিয়মনীতি অনুস্মরণ করে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








