নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মাসুদ রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুনুর রশিদ, রফিকুল ইসলাম সহ উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান নিশ্চিতকরণ, মিড-ডে মিল, পরিচ্ছন্নতা ও বিদ্যালয় অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারের শিক্ষা নীতিমালা যথাযথ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।#