মির্জাপুরে বিএনপির নেতাসহ ৮ অবৈধ মাটি ব্যবসায়ীর নামে মামলা
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও ফসলি জমির মাটি কাটার অপরাধে বিএনপি নেতাসহ ৮ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
চার ইউনিয়নের ভূমি উপসহকারী অফিসার গণ পৃথক ৪টি মামলা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।
মামলায় অভিযুক্তরা হলেন, ভাতগ্রাম ইউনিয়নের চুয়াত্তর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া (৪৫), গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সারোয়ার মল্লিক (৪৫) ও মনির হোসেন (৪২), লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের সৈয়দ মাহমুদ জুবায়ের সুপ্রিম ও সৈয়দ জুয়েল, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের জলিল (৪৫), মামুন (৪২) এবং সজল (৪১)।
জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় দুই ও তিন ফসলি জমি, নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। মাটি কাটা ও ড্রাম্পট্রাক চলায় এলাকার জমি ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদেরকে বারবার সতর্ক করার পরও মাটি কাটা অব্যাহত রাখায় মির্জাপুর থানায় মামলা করেন লতিফপুর, গোড়াই, ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা।
মাটি ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া গণমাধ্যমে বলেন, জমির মাটি কিনে এলাকার মানুষের সাথে কথা বলে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে আমি মাটি কেটেছি। তারপরও আমার নামে মামলা করা হয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ গুলি নথিভূক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।







