তেঁতুলিয়ায় নারী উদ্যোক্তা রিপার উপহারে শতাধিক অসহায় শিশুর মুখে ঈদের হাসি
পঞ্চগড় প্রতিনিধি:ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি। কিন্তু সমাজের অনেক অসহায় ও দরিদ্র শিশুর কাছে এই আনন্দ অনেক সময়ই অধরা থেকে যায়। সেইসব শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নারী উদ্যোক্তা ফারহানা কাউসার রিপা। তার এই মানবিক উদ্যোগে এবার ঈদের আনন্দে সামিল হতে পেরেছে শতাধিক অসহায় শিশু।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার আজ (১৮ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের। সেখানে প্রায় শতাধিক গরিব ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে শিশুদের নিয়ে কেক কেটে ঈদের আনন্দ ভাগাভাগি করেন নারী উদ্যোক্তা রিপা। এসময় শিশুদের উচ্ছ্বাস আর হাসিতে পুরো এলাকা যেন উৎসবমুখর হয়ে ওঠে। পরে একে একে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন ঈদের পোশাক৷ নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুরা।
নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশু মিম আক্তার,সে জানায়,রিপা আন্টি আমাদের ঈদের নতুন জামা সব সময় পাই না। আজ নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।
আরেক শিশু আমির হামজা জানায়,আমি ঈদের দিনে এই জামা পড়বো। আজকে খুব খুশি লাগছে। শুধু শিশুরাই নয়, তাদের অভিভাবকরাও এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
অভিভাবক নাসিমা বেগম বলেন, আমাদের মতো অসহায় মানুষের জন্য কেউ এভাবে ভাবে না। আমাদের বাচ্চাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
নারী উদ্যোক্তা ফারহানা কাউসার রিপা বলেন, ঈদের আনন্দ সবার জন্য। কিন্তু অনেক শিশু আছে যারা নতুন কাপড় ছাড়াই ঈদ কাটায়। তাদের কথা চিন্তা করেই আমার এই ছোট্ট চেষ্টা। ভবিষ্যতেও আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন,সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। সবাই যদি নিজের অবস্থান থেকে একটু করে সাহায্য করি তাহলে সমাজের অনেক অসহায় মানুষ উপকৃত হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার অভিভাবকরাও উপস্থিত ছিলেন।








