ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বেচ্ছায় ধর্মান্তর ও বিয়ে: নিরাপত্তাহীনতায় তরুণী, সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 1, 2026 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিবাহের পর এক তরুণী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের জনতা রানি (পিতা: প্রেমানন্দ, মাতা: রুলি রানি) গত ২৪ মার্চ নওগাঁ জজকোর্টে হলফনামার মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন মোছাঃ আদিবা জান্নাত।
পরে তিনি একই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ জিয়ার হোসেন (পিতা: মোসলেম সরদার, মাতা: আমেনা বেগম)-এর সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
অভিযোগ রয়েছে, ধর্ম পরিবর্তন ও বিয়ের পর থেকেই তরুণীর পরিবারের পক্ষ থেকে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। এতে তিনি ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ৩০ মার্চ প্রেসক্লাব মান্দায় উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন ওই তরুণী ও তার স্বামী। সংবাদ সম্মেলনে তরুণী বলেন, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে জিয়ার হোসেনকে বিয়ে করেছেন এবং এই সিদ্ধান্তে তার ওপর কোনো ধরনের জোরজবরদস্তি ছিল না।
তিনি আরও বলেন, বিয়ের পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজস্ব ধর্ম ও জীবনসঙ্গী নির্বাচনের অধিকার আইনগতভাবে স্বীকৃত। তাই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।#