ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: ‘অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স’!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 5, 2026 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্বের বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

আজ (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে অনিয়মগুলো তুলে ধরেন, তবে প্রশাসনের পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়। রাজশাহীর সার্বিক উন্নয়নে এবং জনকল্যাণমূলক কাজে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।