নেত্রকোনার বারহাট্টায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ণ করতে কাজ করছে উপজেলা প্রশাসন
মামুন কৌশিক নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আগাম অতি বৃষ্টিতে বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকরা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় জমির ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি রোদ না থাকায় মাঠে থাকা কাটা ধানও নষ্ট হয়েছে। অনেক জায়গায় ধানে চারা গজিয়ে পড়েছে। এতে দ্বিমুখী সংকটে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিন মাস মেয়াদি সহায়তা কার্যক্রম চালু করা হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন বারহাট্টা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।
বারহাট্টা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্ধবছরে বারহাট্টা উপজেলায় মোট ১৫০৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে মোট ৫৮২ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। এতে মোট ৩৬৩০ মে: টন ধান নষ্ট হয়ে গেছে। উপজেলার সাতটি ইউনিয়ন রয়েছে।সাত ইউনিয়নেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করতে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সত্যতা যাচাই করেছেন ইউনিয়ন কমিটির সদস্যগণ । স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের যাচাই-বাছাই এর ভিত্তিতে উপজেলার ২২৫৭ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষককে সহয়তার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে নিরূপণের উদ্দ্যোগ নেওয়া হয় । প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে কাজ করা হয়েছে। আশা করা হচ্ছে প্রকৃত কৃষকদের মধ্যে কেউই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবেন না।








