ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই, সমালোচনার মুখে অপসারণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 13, 2026 - 5:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সিসি ঢালাই দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর একদিনের মাথায় খুঁটিটি অপসারণ করেছে বিদ্যুৎ বিভাগ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগ ও সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা, উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কচুয়া-আড়াইপাড়া সড়কের কচুয়া বাজার অংশে গত বেশ কিছুদিন যাবৎ সড়ক নির্মাণ কাজ চালিয়ে আসছে দূর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১২ মে) সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই সিসি ঢালাই দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই সংশ্লিষ্টদের দায়ী করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, সড়কের মাঝখানে খুঁটি থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল। একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও ছিল।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নতুন নির্মিত সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অব্যবস্থাপনার পরিচায়ক। দ্রুত খুঁটি অপসারণ না করলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হতো।

সমালোচনার মুখে বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যুৎ বিভাগ খুঁটিটি কেটে অপসারণ করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের উন্নয়নকাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে জনগণকে এ ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

এ বিষয়ে সড়ক নির্মাণকাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল কান্তি সাহা বলেন, “সমস্যা হয়েছিল, এখন সমাধান হয়ে গেছে। আমরা খুঁটি সরানোর জন্য আবেদন করেছিলাম। তবে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছিল, আবেদনে স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে।”

অন্যদিকে বিপিডিবির সখিপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, “সড়কটি আগে সরু ছিল, তখন খুঁটিটি রাস্তার পাশে ছিল। পরে সড়ক প্রশস্ত হওয়ায় সেটি মাঝখানে পড়ে যায়। কাজ শুরুর আগে বিষয়টি আমাদের জানানো হয়নি। ঢালাই শুরুর ঠিক আগে জাল স্বাক্ষরযুক্ত একটি আবেদন দেওয়া হয়েছিল। এরপরও আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে খুঁটি অপসারণ করেছি।”

তিনি আরও বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগকে বিতর্কিত করতে এমনটি করেছে বলে আমাদের ধারণা।”