ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামী আমিরের মৃ/ত্যু , রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া
ভূরুঙ্গামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী,কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আনোয়ার হোসেন বুধবার সকাল ৭ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি টাইফয়েড, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
আলহাজ আনোয়ার হোসেনের মৃত্যুর খবরে ভূরুঙ্গামারী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতারা বলেন, জনসেবা ও সংগঠনের কাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৯৬২ সালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এসএসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩০ বছর চাকরি শেষে ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। সততা, নিষ্ঠা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি ধীরে ধীরে উপজেলা আমিরের দায়িত্ব লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এই কামনা করেছেন দেশ বাসীর কাছে।







