কালীগঞ্জে আর্থিক সহায়তা ও বিনামূল্যে জিআর খাদ্যশস্য বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভূমিকম্প ও বৈদ্যুতিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি/পরিবারকে আর্থিক সহায়তা এবং মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিনামূল্যে জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৩১১ জন ব্যক্তি/পরিবারের প্রত্যেককে ৩০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), অধিক ক্ষতিগ্রস্থ ৪ জনকে ৭ হাজার ৫শত টাকা করে চেক এবং উপজেলার ২৭টি মাদ্রাসা-এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করেন। এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এর পূবাইল গ্রীড সংলগ্ন শিমুলিয়া এলাকায় দূর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ আলী, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, এজিএম মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা উপস্থিত ছিলেন।








