প্রচ্ছদ » » আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, মান্দায় বৃদ্ধ নিহত, আটক ২
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, মান্দায় বৃদ্ধ নিহত, আটক ২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোর গ্রামে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তৈয়বুর রহমান মোল্লা (৭০) ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)-কে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক শিশুর আম পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়ার সময় পুনরায় হামলার ঘটনায় তৈয়বুর রহমান মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#