ঢাকা | আগস্ট ৮, ২০২৬ - ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 13, 2026 - 11:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

শাহিনুর রহমান বাঁধন, ঈশ্বরদী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত এবং সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবদল।

শনিবার (১৩ জুন) ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাকির হোসেন জুয়েল বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ঈশ্বরদীতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান। বৃক্ষহীন পরিবেশ মানবজীবন ও জীবিকার জন্য বড় হুমকি। নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সময়ের দাবি। একটি সবুজ, বাসযোগ্য ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, কর্মসূচির আওতায় ঈশ্বরদী সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা চত্বর, পূর্ব টেংরি গার্লস স্কুল, ঈশ্বরদী মাদ্রাসা, এসএম স্কুল অ্যান্ড কলেজ, পশ্চিম টেংরি গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা আক্তারুজ্জামান রাজু, আতিয়ার রহমান এবং হিরক সরদার।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।