ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ময়মনসিংহে ইউয়নিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প-এর উদ্যোগে ময়মনসিংহের শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার-এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ১০ জুন বুধবার থেকে ১৯ জুন শুক্রবার পর্যন্ত ৩টি ধাপে মোট ৬ দিন এই প্রশিক্ষণ চলে, যেখানে প্রতিটি ব্যাচ ২ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৪৫ জন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন, বিধিমালা, গ্রাম আদালত পরিচালনা প্রক্রিয়া, রােল প্লে নথী প্রস্তুত ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়াসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক। প্রশিক্ষণের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মাে: সাইফুর রহমান,এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহের উপপরিচালক উস্মে হাবীবা মীরা।। প্রশিক্ষনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার, মো: আব্দুল্লাহ আল মুজাহিদ।
এসময় তারা বলেন, গ্রাম আদালতের আইন, বিধিমালা, মামলা ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ, অনলাইন রিপোর্টিং এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। এ আদালতের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় প্রশিক্ষার্থীরা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মাঠপর্যায়ে কাজের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন। দুই দিনের এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় নবউদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








