অভিমান ও কলহে রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
রাংগুনীয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক। শুক্রবার (২৬ জুন) পৃথক স্থানে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও মানসিক অস্থিরতার জেরে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। সেখান থেকে মো. বাবর (২৮) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মনোয়ারের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
এর কয়েক ঘণ্টা পর একই ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় ঘটনাটি ঘটে। কর্ণফুলী নদীর চরের একটি গাছ থেকে মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামে আরেক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে লেখেন, তার মৃত্যুর জন্য একটি অপবাদের কথা উল্লেখ করে স্ত্রীসহ সবার কাছে বিদায় জানান। স্ট্যাটাসটি দেখে পরিচিতজনেরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করলেও এরই মধ্যে ঘটনাটি ঘটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজন ও প্রতিবেশীদের ভাষ্য, দুই যুবকই দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে ছুটিতে দেশে এসেছিলেন এবং শিগগিরই কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের এমন আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকে স্তব্ধ করে দিয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।








