কুয়েতের মরুভূমিতে কয়েক মাস পর নিখোঁজ ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার!
বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েতের আল-সালমি মরুভূমি থেকে কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা যায়, মামলার এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের সময় তিনি নিহত ব্যক্তিকে হত্যার পর মরুভূমির নির্জন এলাকায় গোপনে দাফন করার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনায় কুয়েতে বসবাসরত প্রবাসী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।








