ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই -গোলাম কিবরিয়া পলাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 1:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

নিউজ ডেক্স:সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

তার মতে, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংহতি এবং ন্যায়নীতি ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত শক্তিশালী সংগঠনই পারে এ সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে।

উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ভাষ্য, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং আইনি ও নৈতিক সহায়তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত সাংবাদিক সংগঠনের বিকল্প নেই। এমন একটি সংগঠন সাংবাদিকদের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমন লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির দাবি, প্রতিষ্ঠার পর থেকেই এটি সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটিতে রয়েছেন মেধাবী, প্রশিক্ষিত ও দায়িত্বশীল একঝাঁক সাংবাদিক, যারা সততা, ন্যায়নীতি ও পেশাগত মূল্যবোধকে ধারণ করে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সংগঠনের নেতারা জানান, সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একজন সাংবাদিক আক্রান্ত হলে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তাই আমাদের সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি শক্তিশালী, ন্যায়নীতি ও নিয়মতান্ত্রিক সাংবাদিক সংগঠন অত্যন্ত প্রয়োজন। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন সবসময় সাংবাদিকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো সাংবাদিক অন্যায়ভাবে হয়রানির শিকার হলে সংগঠন তার পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

গোলাম কিবরিয়া পলাশ বলেন, আমরা বিশ্বাস করি, প্রশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকই সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সক্ষম। তাই নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক বিভেদ নয়, বরং সাংবাদিক সমাজের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই যেকোনো অন্যায়, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়াতে পারে। আমরা চাই, ময়মনসিংহ বিভাগসহ সারা দেশের সাংবাদিকরা একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত হয়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখুক।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দের অভিমত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং সাংগঠনিক ঐক্য নিশ্চিত করা সময়ের দাবি। এ ক্ষেত্রে ন্যায়নীতি, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত সাংবাদিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।