প্রবাসে বিএনপিকে সুসংগঠিত করার প্রত্যয়ে মালদ্বীপে কর্মী সমাবেশ
মালদ্বীপ প্রতিনিধি: প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক অবকাঠামো অধিকতর সুদৃঢ়, নেতৃত্বের সক্ষমতা বিকাশ এবং প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মালদ্বীপে বিএনপির এক ব্যাপক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা প্রবাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপদান, আদর্শিক ঐক্য সুসংহতকরণ এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের আরও কার্যকর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (১৫ জুলাই) রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার, মো. আলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, প্রবাসে একটি শক্তিশালী, আদর্শনিষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কাঠামো নির্মাণে সাংগঠনিক ঐক্য, ত্যাগ, নিষ্ঠা, জবাবদিহিতা এবং ধারাবাহিক কর্মতৎপরতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি সুসংগঠিত প্রবাসী সংগঠন কেবল দলের সাংগঠনিক ভিত্তিকেই সুদৃঢ় করে না, বরং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণেও তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা কোনো রাজনৈতিক অনুকম্পা নয়; এটি সংবিধানস্বীকৃত নাগরিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের অধিকতর সুসংগঠিত, কৌশলগত, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা নতুন সদস্য অন্তর্ভুক্তি, তৃণমূলভিত্তিক সাংগঠনিক সম্প্রসারণ, দক্ষ নেতৃত্বের বিকাশ, আন্তঃসাংগঠনিক সমন্বয় জোরদার এবং দলীয় শৃঙ্খলা অক্ষুণ্ন রেখে প্রবাসে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও কার্যকর, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মালদ্বীপের বিভিন্ন দ্বীপ ও কর্মস্থল থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মী সমাবেশটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব কামনায় বিশেষ মোনাজাত করা হয়।








