ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম-বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং কর্মসুচি পালন করেছে । তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় গিয়ে সেখানে গেট মিটিং এ মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন স্কেল ঘোষণার দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২১ জুলাই দুই ঘণ্টা, ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিইল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী।








