ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি খাদ্য সহায়তার অর্থে কেনা উপকরণ দিয়ে কেক বিক্রির অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 24, 2026 - 10:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক নারী সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির অর্থে কেনা খাদ্যসামগ্রী ব্যবহার করে কেক ও অন্যান্য বেকারি পণ্য তৈরি করে বিক্রির অভিযোগে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, টালিয়া সি. টেনেয়ুক (৩২) নামের ওই নারী ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানের Bridge Card (SNAP/ফুড অ্যাসিস্ট্যান্স) ব্যবহার করে খাদ্যসামগ্রী কিনতেন। পরে সেই উপকরণ দিয়ে কেক, কুকিজ ও অন্যান্য বেকারি পণ্য তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিক্রি করতেন। এতে তিনি কয়েক হাজার ডলার আয় করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মার্কিন আইনে সরকারি খাদ্য সহায়তার অর্থ ব্যক্তিগত খাদ্য চাহিদা পূরণের জন্য বরাদ্দ। ব্যবসায়িক উদ্দেশ্যে বা পুনরায় বিক্রির জন্য এসব সুবিধা ব্যবহার করা আইনবিরোধী বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে ১ হাজার ডলারের বেশি খাদ্য সহায়তা জালিয়াতির ফৌজদারি মামলা করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

তবে মামলাটি ঘিরে জনমত বিভক্ত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, ওই নারী পরিবারের আর্থিক সংকট কাটাতে বৈধভাবে খাবার তৈরি করে বিক্রি করছিলেন এবং এত কঠোর শাস্তির মুখোমুখি করা অমানবিক। অন্যদিকে, আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য—সরকারি সহায়তা কর্মসূচির অপব্যবহার রোধে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

বর্তমানে মামলাটি মিশিগানের সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানিতে অভিযোগের বিষয়ে বিস্তারিত আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।