নৈশভোজে ট্রাম্পের ব্যতিক্রমী প্রতিক্রিয়া, পুরস্কার পেলেন যেসব সাংবাদিকের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (WHCA) ২০২৬ সালের নৈশভোজে এক ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দেন। অনুষ্ঠানে ওয়াল স্ট্রিট জার্নাল-এর যেসব সাংবাদিক জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সম্মানজনক ক্যাথারিন গ্রাহাম অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অর্জন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে ট্রাম্প হাসিমুখে করমর্দন করেন এবং রসিকতাও করেন।
ওই প্রতিবেদনটি ২০২৫ সালে প্রকাশিত হয়েছিল। এতে দাবি করা হয়, ট্রাম্পের নামে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে একটি বিতর্কিত শুভেচ্ছাবার্তা ও চিত্র ছিল। ট্রাম্প শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে এটিকে “ভুয়া” বলে দাবি করেন এবং ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেন। পরে একটি ফেডারেল আদালত পর্যাপ্ত আইনি ভিত্তি না পাওয়ায় মামলাটি খারিজ করে দেয়। তবে ট্রাম্প সংশোধিত মামলা পুনরায় দায়ের করেন, যা এখনও বিচারাধীন রয়েছে।
পুরস্কার ঘোষণার সময় ট্রাম্পকে হাসতে এবং কাঁধ ঝাঁকিয়ে রসিক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। পরে বক্তব্য দিতে গিয়ে তিনি মজা করে বলেন, “আজ রাতে এতগুলো পুরস্কার দেওয়া হচ্ছে—এতে কি আমার কোনো মতামত দেওয়ার সুযোগ আছে?” তার এই মন্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে।
বিশ্লেষকদের মতে, আইনি লড়াই চলমান থাকা সত্ত্বেও ট্রাম্পের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। তবে এপস্টেইন-সংক্রান্ত প্রতিবেদন এবং তা নিয়ে আইনি বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।








