কেন্দুয়ায় নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময়
মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি, এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধন করার বিষয়ে মতবিনিময় অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। এসময় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে কেন্দুয়া উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় ও পরিচিতি সভার প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। স্বচ্ছতা, জবাবদিহিতা।ও ন্যায়নিষ্ঠর সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেন্দুয়াকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রশাসনের দরজা সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। জনগণের সমস্যা দ্রুত সময়ে সমাধান, সরকারি সেবায় হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা জামায়াতের আমীর মো. ছাদেকুর রহমান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলসহ প্রমূখ।
মতবিনিময় ও পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আল আমীন সরকার, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেসুর রহমান বাঙ্গালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভার শুরুতেই উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।








