ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে কবরস্থানের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 28, 2026 - 7:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার
ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক কবরস্থান ও পৈতৃক সম্পত্তির জমি দখলের চেষ্টা, হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাজাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ রাজাপুর এলাকার বাসিন্দা ও আব্দুল আজিজ হাওলাদারের কন্যা মোসাঃ হাচেনুর বেগম। তিনি অভিযোগ করেন, একই এলাকার কবির খান, আলাম ও কালামসহ কয়েকজন ব্যক্তি তাদের ভোগদখলীয় জমি ও পারিবারিক কবরস্থানের জমি দখলের উদ্দেশ্যে অবৈধভাবে খুঁটি স্থাপন, ঘর নির্মাণ এবং গাছ রোপণের চেষ্টা করছেন। এতে বাধা দিলে তারা গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।
তিনি আরও জানান, তার পিতা আব্দুল আজিজ হাওলাদার ওয়ারিশ সূত্রে ও বৈধ দলিলমূলে জমির মালিক। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসলেও পিতা অসুস্থ হওয়ার পর প্রতিপক্ষরা জমি দখলের অপচেষ্টা শুরু করে। এ ছাড়া তার পিতার নামীয় দলিল জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে হাচেনুর বেগম বলেন, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখলচেষ্টা বন্ধ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।