মান্দায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের আঙিনায় রোপণের জন্য চারাগাছ বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বিভিন্ন মসজিদের আঙিনায় রোপণের উদ্দেশ্যে চারাগাছ বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। পরিবেশ সংরক্ষণ ও মসজিদকেন্দ্রিক সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি মান্দা উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে মসজিদের আঙিনা ও আশপাশের উপযুক্ত স্থানে চারাগাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। মসজিদের আঙিনায় গাছ লাগানোর মাধ্যমে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, তেমনি মুসল্লি ও স্থানীয় মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।#








