ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইয়াবার বড় চালান নিয়ে শহরে প্রবেশের আগেই পুলিশের জালে তিন কারবারি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
রাজন আবেদীন রাজ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে কয়েকজন মাদক কারবারি মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশ করছে। তথ্যের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সদর মডেল থানার একটি দল।
এসআই (নিরস্ত্র) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. রানা মিয়া, এএসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে চালক মুরাদ আলী মিলনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডের এসএমএস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করে পুলিশ।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি শপিং ব্যাগে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো-গ ১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা পরস্পরের যোগসাজশে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।