ঢাকা | আগস্ট ৬, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে চোরের আঙুল কামড়ে ছিঁড়ে দিলেন দুই সন্তানের জননী, তবুও মোবাইল নিয়ে পালাল চোর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 4:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ঘরে ঢুকে চুরির চেষ্টা করলে আত্মরক্ষায় সাহসিকতার পরিচয় দেন দুই সন্তানের জননী ঝুমুর বেগম। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে ফেলেন। তবে পালিয়ে যাওয়ার সময় চোর পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা ওরফে নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রবাসীর স্ত্রী ঝুমুর বেগম বাড়ির পেছনের কক্ষে একাই ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে তার দুই ছেলে ও শাশুড়ি ঘুমিয়ে ছিলেন। রাতের একপর্যায়ে ঝুমুর বেগম বিছানার পাশে একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে চোর তার মুখ চেপে ধরে। এ সময় চোরের হাতের একটি আঙুল তার মুখে চলে গেলে তিনি শক্তভাবে কামড়ে ধরেন। আঙুল ছাড়াতে চোর তার মুখমণ্ডলে সজোরে আঘাত করলেও আঙুলের একটি অংশ ছিঁড়ে যায়। এতে রক্তাক্ত অবস্থায় চোর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
ঝুমুর বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বুধবার সকালে তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। খবর পেয়ে দুপুরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।