ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রচলিত আইনেই গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 7, 2026 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

চট্টগ্রাম, ৭ আগস্ট: বিগত ১৭ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব নৃশংসতার বিচার বিশেষ কোনো ট্রাইব্যুনাল নয়, বরং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। বরং তৎকালীন সরকারের জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন মোকাবিলা করে রাজপথেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছেন।

তিনি বলেন, অতীতের গুম, খুন ও গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার দেশের বিদ্যমান আইন অনুযায়ী সম্পন্ন করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে বিপথগামী ও হতাশাগ্রস্ত হয়ে পড়া যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।