ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 7, 2026 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহষ্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার চন্দ্রঘোনা কাটাখালি তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের লেমুছড়ি পাড়ার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর বাসটি রাসেলের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সিএনজি চালক বাদশা, নেছারুলসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাসেলের চাচা আব্দুল বারেক বলেন, শহর থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন রাসেল।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।