ওমান পালানোর আগেই বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসীর ডানহাত
চট্টগ্রাম প্রতিনিধিঃ ভুয়া পরিচয়, বিদেশি কাগজ, আর গোপন পালানোর পরিকল্পনা সব ফন্দি এক মুহূর্তেই ভেঙে পড়ল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শনিবার ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে গোলাম সারোয়ার খানকে। তিনি চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ খ্যাত মো. সাজ্জাদ আলী খানের ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ সহযোগী।
গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিল ডিবির আভিযানিক দল। ঠিক যখন ওমানের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন গোলাম সারোয়ার, তখনই হাতে পড়ে হাতকড়া। তদন্তে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য, জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিতেন এবং সেই পরিচয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও বানিয়ে নিয়েছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, ঢাকা ও চট্টগ্রামে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেন গোলাম সারোয়ার।
আর যার নির্দেশে চলত এই সব কিছু, সেই বড় সাজ্জাদ এখন বিদেশে বসে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশে থাকা দলের সদস্যদের পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রামের চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ, হাটহাজারী ও রাউজান এলাকায় তার বাহিনীর দাপট এখনো টের পাচ্ছেন স্থানীয়রা। ব্যবসায়ীদের হুমকি, চাঁদাবাজি, বাড়িতে গুলি, অভিযোগের তালিকা দীর্ঘ।
ডানহাত এখন কারাগারে। এবার প্রশ্ন বিদেশে আরামে থাকা মাথাটিকে কবে টেনে আনা যাবে ?








