ঢাকা | আগস্ট ১৮, ২০২৬ - ২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের মৃত্যু, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 17, 2026 - 11:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমান (৫৫) ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মাহবুব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের পাশাপাশি মাহবুব রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি তাঁকে সহকর্মী, বন্ধু ও কমিউনিটির মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি মো. নাসির এবং তাঁর পুত্র সাবিত নাসিরও জানাজায় উপস্থিত ছিলেন।

মাহবুব রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মো. নাসির বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”

মাহবুব রহমানের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, মানবিকতা ও স্মৃতি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।