স্ত্রী-সন্তানের অবহেলায় রাস্তায় পড়ে থাকা প্রবাসী জামাল আর নেই
বিশেষ প্রতিনিধি: সৌদি আরবে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে স্ত্রী-সন্তানের কাছে আশ্রয় না পেয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ প্রবাসী জামাল উদ্দিন আর বেঁচে নেই। কিডনি রোগে আক্রান্ত এই প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের জামাল উদ্দিন প্রায় ১২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। পরিবারের সুখের আশায় বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠান তিনি। অসুস্থ হয়ে দেশে ফেরার পর তার চিকিৎসা ও দেখাশোনা নিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়।
অভিযোগ রয়েছে, গত ১ আগস্ট রাতে স্ত্রী ও সন্তানরা তাকে গ্রামের একটি রাস্তায় ফেলে রেখে চলে যান। পরদিন সকালে স্থানীয়রা তাকে দেখতে পান এবং পরে স্বজনরা আশ্রয় দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
কিডনি বিকলসহ নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকা জামাল উদ্দিন শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। তার জীবনের শেষ সময়ের এই করুণ পরিণতি প্রবাসীদের মধ্যে ব্যাপক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি করেছে।








