চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, আলোচনাসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তরা অংশগ্রহণ করেন।
এসময় ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর শাখার সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র রায়, চিরিরবন্দর কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি ধনঞ্জয় রায় প্রমূখ।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশ, জাতি ও বিশ্বমানবের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।








