ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় টেনিস তারকার ফ্ল্যাট বিধ্বস্ত, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 6:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কার ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত ‘রোলাঁ গারোঁ’ লেখা একটি তোয়ালে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন এই টেনিস তারকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইয়াস্ত্রেমস্কা ধ্বংস হওয়া ভবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় জানান, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের ওডেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের একটি ছবিতে রোলাঁ গারোঁর স্বাক্ষরযুক্ত কমলা রঙের তোয়ালেটি অক্ষত অবস্থায় ঝুলতে দেখা যায়।

ইয়াস্ত্রেমস্কা লেখেন, তাদের বাড়ি ধ্বংস হলেও বিশ্ব টেনিসের একটি অংশ এখনো টিকে আছে—যা ওই তোয়ালেটিকে ঘিরে একটি প্রতীকী ঘটনায় পরিণত হয়েছে। তিনি টেনিস বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব ছবি যেন তারা তাদের চোখ দিয়ে দেখেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ওডেসা ও আশপাশের চর্নোমর্স্ক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

যুদ্ধের ভয়াবহতার মধ্যে একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের নিজের বাড়ি ধ্বংস হওয়ার ঘটনা আবারও ইউক্রেনের সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের ওপর যুদ্ধের প্রভাবকে সামনে নিয়ে এসেছে।