ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মিশিগানে ৪২তম ফোবানা সম্মেলন, আয়োজনের দায়িত্ব পেল বাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 14, 2026 - 11:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আহমেদ সেবুল,মিশিগান, যুক্তরাষ্ট্র:আবারও মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলন। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ৪২তম ফোবানা সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)। এ খবরে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

ফোবানা সম্মেলন আয়োজনের জন্য বিড প্রক্রিয়ায় বামের পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুল বারী, উপদেষ্টা সুমন কবির ও সাংগঠনিক সম্পাদক তাহমিদ চৌধুরী। তাঁদের নেতৃত্বে বাম-এর প্রতিনিধি দল মিশিগানে সম্মেলন আয়োজনের পরিকল্পনা, সাংগঠনিক সক্ষমতা ও সম্ভাব্য প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, “এটি শুধু বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের নয়, মিশিগানের পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একটি ঐতিহাসিক অর্জন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৮ সালে একটি বর্ণাঢ্য, সফল ও স্মরণীয় ফোবানা সম্মেলন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আয়োজকেরা জানান, ফোবানা ২০২৮ সম্মেলনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত, সাহিত্য ও শিল্পকলার পাশাপাশি উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিভাও তুলে ধরা হবে। উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণে সম্মেলনটি একটি বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

বামের পক্ষ থেকে বলা হয়েছে, এই আয়োজন শুধু সংগঠনটির জন্য নয়, পুরো মিশিগান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও একটি বড় সুযোগ। এর মাধ্যমে মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের সাংগঠনিক সক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও নতুন প্রজন্মের সৃজনশীলতাকে উত্তর আমেরিকার বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হবে।

ফোবানা কর্তৃপক্ষ, নির্বাহী কমিটি, সদস্য সংগঠন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বামের পক্ষ থেকে বলা হয়েছে, সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে ফোবানা ২০২৮ একটি বর্ণাঢ্য, সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে স্থান করে নেবে।