তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার!
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:বাড়ি থেকে রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন মিজানুর রহমান বাদশা (৫৩)। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বামীকেখুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্ত্রী শামীমা খাতুন ও পরিবারের সদস্যদের।পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে কৃষ্ণপুর মোড়ে নিজের রড-
সিমেন্টের দোকান শাফায়াত এন্টারপ্রাইজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান বাদশা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি দোকানে পৌঁছাননি, আবার বাড়িতেও ফেরেননি।প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।রাতে পরিবারের
সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও কোনো সন্ধান না পেয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।শামীমা খাতুন বলেন, ‘আমার স্বামী প্রতিদিনের মতো দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—কিছুই জানি না। আমরা পরিবারের সবাই ভীষণ দুশ্চিন্তায় আছি।’তিনি আরও বলেন, ‘আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি।
প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মিজানুর রহমান বাদশা নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে জিডি নাম্বার:১১৯৪। তাঁকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও খোঁজখবর নিচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাঁর সন্ধানে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।








