নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা
মোঃ নাসিম ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুরশেদপুর বিরেনবাজার এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের সাবেক ৮ নম্বর ওয়ার্ড সদস্য সর্তুজা আহমেদ, ভগু মরলসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিন।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাকে আপনাদের ইউনিয়নের জন্য কাজ করার সুযোগ করে দিন। আমি আপনাদের পাশে এবং সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে চাই। জনগণের সহযোগিতা পেলে ফতেপুর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা মাদক। নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে ফতেপু ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়নে শুধু একজন চেয়ারম্যানের পক্ষে এককভাবে কাজ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই আগামী দিনে ফতেপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাহাঙ্গীর আলম আরও বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব। সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় পাশে থাকতে চাই।”
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান।








