শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা মিথিলা সরকারের লেডিস জিম সেন্টারের উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
নারীদের স্বাস্থ্যসচেতনতা, আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তা মিথিলা সরকারের লেডিস জিম সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে চন্দ্রনাথ স্কুলের পেছনে ইসলাম ব্রাদার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে জিম সেন্টারটির উদ্বোধন করা হয়।
মিথিলা সরকার শ্রীমঙ্গলের একজন নারী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে পোশাকের ব্যবসা ও বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি কাজ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মিথিলা সরকার বলেন, “জিম করলে শরীর ও মন ভালো থাকে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি শরীরের বার্ধক্যজনিত পরিবর্তনও অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শ্রীমঙ্গলবাসীর অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে আরও নারী উদ্যোক্তা তৈরি করতে চাই। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।”
তিনি আরও বলেন, একজন নারী নিজের পায়ে দাঁড়াতে পারলে শুধু তার নিজের জীবনই পরিবর্তিত হয় না, এর ইতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। সেই লক্ষ্যেই নারীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরির চেষ্টা করছেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ), মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ; সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি কাজী আসমা; দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছা. রহিমা বেগম এবং সনাক শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য রীনা মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অতিথিরা বলেন, নারীদের জন্য আলাদা ও নিরাপদ পরিবেশে শরীরচর্চার সুযোগ তৈরি হওয়ায় মিথিলা সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শ্রীমঙ্গলের নারীদের স্বাস্থ্যসচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
একজন নারী উদ্যোক্তার পথচলা সহজ নয়। নানা সামাজিক ও পারিবারিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি অন্য নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যয় মিথিলা সরকারের উদ্যোগকে ভিন্ন মাত্রা দিয়েছে।
ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিয়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছেন তিনি। তার এই উদ্যোগ শ্রীমঙ্গলে আরও নারী উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।








