প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ ব্যবসায়ীর ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারণার ফাঁদে ফেলে চোখের পলকে এক বিকাশ ব্যবসায়ীর ক্যাশবাক্স থেকে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ অক্টোবর) উপজেলা সদরের কলেজ রোড এলাকার পুরাতন শহীদ মিনার সংলগ্ন ‘জাকির স্টোর’ নামের লোড বিকাশ ও মোবাইলের দোকানে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সকালে এক যুবক তার দোকানে এসে ৫০ টাকার একটি মোবাইল রিচার্জ কার্ড চান। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুই যুবক দোকানে প্রবেশ করেন। দোকানে উপস্থিত যুবকরা হঠাৎ মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখে দোকানির দৃষ্টি আকর্ষণ করেন।
মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো কার তা দেখতে দোকানি জাকির হোসেন ও উপস্থিত দুই যুবক নিচে ঝুঁকে পড়েন। ঠিক সেই সুযোগে চক্রের তৃতীয় সদস্যটি বিদ্যুৎবেগে ক্যাশ বাক্সে হাত বাড়িয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেন।
ব্যবসায়ী জাকির আরও বলেন,”কিছুক্ষণ পর ক্যাশে হাত দিয়ে দেখি ক্যাশে টাকা নেই।মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।








