রাত পোহালেই সখিপুর বাজার বণিক সমিতির ভোট গ্রহণ, ৯ পদে লড়ছে ২২ জন
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। রাত পোহালেই ভোট গ্রহণ। শনিবার (১০ অক্টোবর) বহুল প্রতীক্ষিত,প্রত্যাশিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
নির্বাচনে ৯টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে বাজার ও আশপাশের এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লিফেটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকরা দলবেঁধে ভোট প্রার্থনা করেছেন ব্যবসায়ী ও ভোটারদের কাছে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ -উদ্দীপনা। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন নানা তৎপরতা।
নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামীকাল ১০ অক্টোবর সখিপুর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান ভূঁইয়া (চেয়ার), মো. বিল্লাল হোসেন (চশমা), মো. জাহাঙ্গীর আলম (ছাতা) ও মো. আসাদুজ্জামান (গরুর গাড়ি)।
এছাড়া সহ-সভাপতি পদে মো. মিন্টু দেওয়ান (মোমবাতি) ও মো. কবির মিয়া মিলিটারি (চাকা), সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম লেবু (মোরগ) ও মো. আব্দুল্লাহ আল মামুন (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যান্যদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আব্দুস সামাদ (মাছ) ও খ. সোলায়মান কবির (মই)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফ হোসেন তাং (দেয়াল ঘড়ি) ও জোয়াহেরুল ইসলাম (বাইসাইকেল)।
সাংগঠনিক সম্পাদক পদে মো. জুয়েল (কলসি) ও নজরুল ইসলাম নাহিদ (খেজুরগাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন চার প্রার্থী। তাঁরা হলেন—মো. লিপটন খান (হাঁস), মো. শফিকুল ইসলাম সাগর (ফুটবল), মো. মিনহাজ উদ্দিন মিনু (প্রজাপতি) ও মো. আলমগীর হোসেন (কম্পিউটার)।
এবং দপ্তর সম্পাদক পদে মো. শাহজাহান (বটগাছ) ও মো. জয়নাল (হাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত দপ্তর সম্পাদক পদে শ্রী দুলাল চন্দ্র শীল (মাইক) ও পরীক্ষিত কর্মকার (রিকশা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন তায়েফ মো. মোশারফ হোসেন চৌধুরী এবং সদস্য মো. শহিদুল্লাহ ভূঁইয়া ও মো. বাহারুল ইসলাম। তাঁরা টাঙ্গাইল জেলা সমবায় কার্যালয় ও সখিপুর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা।
এদিকে ভোটকেন্দ্রে ভোটারদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন নিয়ে যেতে সভাপতি সম্পাদকের বরাত দিয়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চলছে কয়েকদিন যাবত। যা নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে সংশ্লিষ্ট বণিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকৃত ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেই এমনটি করা হয়েছে। তবে বণিক সমিতির সদস্যদের নির্ধারিত কোন কার্ড বা পরিচয় পত্র থাকলে এ সমস্যা আর থাকবে না বলেও জানান তারা।
নির্বাচনকে ঘিরে সখিপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবে নতুন কার্যকরী পরিষদ, যারা সমিতির কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখবে।








