রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনব্যাপী ক্যাশ মানি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) কুমড়াকাপন দরগাহ মসজিদ ও ছ-মিল সংলগ্ন বালুচর মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে যুব উন্নয়ন ক্লাব, কুমড়াকাপনকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ভাষানীগাঁও দল।
যুক্তরাজ্য প্রবাসী ও কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমির সাবেক ফুটবলার সাব্বির আহমদ ফাহমিদের বাংলাদেশে আগমন উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলোয়াড় কল্যাণ সমিতি, কুমড়াকাপন ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমির সাবেক ফুটবলার সাব্বির আহমদ ফাহমিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক কৃতী ফুটবলার হাজী নোমান আলী।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বাছিদ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আতিক ফাউন্ডেশন, কুমড়াকাপন, কমলগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আতিকুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান রুমন।
এ সময় মাহমুদুল হাসান রুমন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে আমি সব সময় সার্বিকভাবে সহযোগিতা করে যাব।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।