ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর পবা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 27, 2026 - 4:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

জিয়াউল কবীর:জেলার পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য জনাব অ্যাড. শফিকুল হক মিলন এমপি।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তির ক্ষতি করে না বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন, তাই অপরাধ ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও সরকার দলীয় নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।