বারহাট্টায় মোবাইল কোর্টের অভিযান, দুই বীজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বীজের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ ১০ নভেম্বর বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালপুর বাজারের বিভিন্ন বীজের দোকান মনিটরিং করা হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রয় ও বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টি নজরে আসে।পরে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ঞ) ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। এ দুটি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষি উপকরণ ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।








