চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন হাজী ইলিয়াস সিকদার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস সিকদার। তিনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
সম্প্রতি লিচুবাগানে তাঁর নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি নিজেকে দলের দুঃসময়ের নির্যাতিত ও ত্যাগী কর্মী হিসেবে উল্লেখ করে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ ইলিয়াস সিকদার বলেন, দলের হাইকমান্ড তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক, ভূমিদস্যুতা ও সব ধরনের অপরাধ নির্মূলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দ ও সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের কাছে ন্যায্যভাবে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেবেন।
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি যাঁকে দলীয় মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন। দলের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর দলীয় স্বার্থে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মী হুমাম কাদের চৌধুরী এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন।








