ঢাকা | নভেম্বর ১৮, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 17, 2026 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’। ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশি পণ্যের সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় তৈরি পোশাক খাতের ৯টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ জন প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন।

মেলার প্রথম দিনে বাংলাদেশি রপ্তানি পণ্যের প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।

এবারের ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে বিশ্বের ২০টি দেশ থেকে ৯০০টিরও বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী হিসেবে পরিচিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির সুযোগ পাচ্ছেন সোর্সিং পেশাজীবীরা।

প্রদর্শনীতে তৈরি পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা স্থান পেয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, গুণগত মান ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরতে মেলার প্রথম দিনে বাংলাদেশের পোশাক শিল্পবিষয়ক একটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলায় আগত আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিজনেস টু বিজনেস (B2B) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এ মেলায় বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকদের অংশগ্রহণ অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে নতুন ক্রেতা সৃষ্টি, রপ্তানি আদেশ বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আন্তর্জাতিক আয়োজন।