হাকর নদী রক্ষায় বেনাপোলে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। নদী রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় বেনাপোল পৌর এলাকার পুরাতন সাঁকো, বাহাদুরপুর রোড সংলগ্ন হাকর নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এতে অংশগ্রহণ করেন বেনাপোল ক্রীড়া একাডেমি, বেনাপোল বাইকারহুড, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে নদীটি আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এই নদীকে বাঁচাতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে অংশ নিয়ে বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদ হাসান বলেন, “হাকর নদী শুধু একটি জলধারা নয়, এটি বেনাপোলের ঐতিহ্য, ইতিহাস ও প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। একটি নদী হারিয়ে যাওয়া মানে শুধু পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া নয়, এর সঙ্গে হারিয়ে যায় এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য। আমরা চাই, আগামী প্রজন্ম একটি দূষণমুক্ত ও প্রাণবন্ত হাকর নদী ফিরে পাক। এজন্য শুধু বিশেষ দিবসে নয়, সারা বছরই নদী রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে। নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, অবৈধ দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বেনাপোল বাইকারহুড সবসময়ই এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের পাশে থাকবে।”
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নদীতীরবর্তী এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি নদীতে বর্জ্য না ফেলা, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করা এবং পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষও অংশ নেন। তাঁরা হাকর নদী রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নদীটির দখল ও দূষণমুক্ত করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।








