দৌলতখান-বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : তৃতীয় ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার রাতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন- দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভায় মোঃ রফিকুল ইসলাম। মনোনয়ন দেয়া দুইজনই বর্তমানে মেয়র পদে দায়িত্বে রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রার্থীতা চূড়ান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেলে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এই দুই মেয়র প্রার্থী কে নির্বাচিত করার পরই দলীয় ভাবে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সভায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।








