ক্ষমতা গ্রহণের প্রায় এক সপ্তাহ আগেই ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা-বাইডেন
১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন এ কথা জানান।
বাইডেন বলেন, নাগরিকদের দুর্ভোগ বেড়েই চলছে, সংকট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই। জাতির স্বাস্থ্যব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজের অধীনে যুক্তরাষ্ট্রের করোনাদুর্গত পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে ১ ট্রিলিয়ন ডলার। প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেওয়া হবে ১ হাজার ৪০০ ডলার করে। করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার, ছোট ব্যবসার জন্য বরাদ্দ থাকছে ৪৪০ বিলিয়ন ডলার ও করোনার টিকার জন্য প্রায় ২০ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন বাইডেন। এ ছাড়া এই প্রণোদনা প্যাকেজের অধীনে ন্যূনতম পারিশ্রমিক ও বেকার ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু পরিকল্পনা থাকছে।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই মার্কিন নাগরিকদের এ প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানালেন তিনি।








