মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
সৈয়দ আসাদুজ্জামান সুহান,যুক্তরাষ্ট্র প্রতিনিধি : শতাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীদের উপস্থিততে অনুষ্ঠিত হল মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল। দোয়া মাহফিলে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
গতকাল ১৭ মার্চ, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্টে বিকালে অনুষ্ঠিত হয়েছে মিশিগান বিএনপির দোয়া ও ইফতার মাহফিল। দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর পরিচালনায় ইফতার মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন সহ আর অনেক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন অনিবার্য। ইতিহাস সাক্ষ্য, জোর করে কেউ ক্ষমতা দখল করে রাখতে পারেনি। নির্যাতিত, নিষ্পেষিত সাধারণ জনগণের আন্দোলনের মুখেই একদিন এই সরকারের চূড়ান্ত পতন হবে। কোন বাইরের শক্তির প্রয়োজন নেই।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, জাসাস সহ দলটির আরও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতি দেওয়ান আকমল চৌধুরী বলেন, আমরা দেশেও যেমন ঐক্যবদ্ধ, তেমনি প্রবাসেও। আমাদের সকল নেতাকর্মীদের উপস্থিতি এটাই প্রমাণ করে। সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, এবারের ডামি নির্বাচনে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার অনেক গভীর ষড়যন্ত্র ছিল কিন্তু ব্যর্থ হয়েছে। জেল-জুলুম-গুম-হত্যার মত নির্যাতন আবার নির্বাচনের আগে প্রলোভন আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো।








