ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার চিত্র বদলে দিয়েছেন শিক্ষা অফিসার মনিকা পারভীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 29, 2025 - 5:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 466 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর প্রচেষ্টায় বদলে গেছে উপজেলার প্রাথমিক শিক্ষার চিত্র। ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছে প্রাইমারি স্তরের শিক্ষার্থীরা। এতে কোমলমতি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি রোধ হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার।

সদর উপজেলা অফিসারের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুণগত এ পরিবর্তন সাধন ইতোমধ্যে সব মহলের নজর কেড়েছেন। এ উপজেলা প্রাথমিক অফিসার সদর উপজেলায় যোগদানের পর থেকেই এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর অংশ হিসেবে শিক্ষকদের মাসিক সভায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছেন। তাছাড়া তিনি শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতেও দিক নির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলায় বিভিন্ন সাব-ক্লাস্টারে আয়োজিত পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সে শিক্ষকদের পারদর্শিতা ও সক্ষমতা বাড়াতে নিয়মিত মনিটরিং শুরু করেন। এ ছাড়া তিনি আকস্মিক স্কুল পরিদর্শন করে ছাত্র-শিক্ষক উপস্থিতির হার পর্যবেক্ষণ ও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে যুগপযোগী পাঠদানের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষা অফিসারের উদ্যোগে সদরের বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করে প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের কার্যক্রম শুরু করেন। এ ছাড়া শিক্ষা অফিসার মনিকা পারভীন এর ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, টিফিন বক্স বিতরণ করেন। ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শিক্ষক-শিক্ষিকাদের মাঝে আইসিটির দক্ষতা বৃদ্ধির জন্য তিনি করেছেন কর্মশালার ব্যবস্থা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিয়ে দিচ্ছেন শিক্ষা অফিসার মনিকা পারভীন উপজেলায় প্রতি মাসে তিনি একদিন আয়োজন করেছেন ‘মিট দ্য শিক্ষা অফিসার প্রোগ্রাম ও মা সমাবেশ । এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি কথা বলার সুযোগ পায়। এ আয়োজনে ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ ও সুন্দর জীবন গঠনে সহায়ক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ক্ষুদে শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির জন্য সুন্দর হাতের লেখার জন্য বিভিন্ন বিদ্যালয়ে তিনি দেয়ালিকা উদ্বোধন করেন এবং একাধিক স্কুলে বৃক্ষরোপণ করেন।

সদরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি নিয়মিত বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে কোথায় কি সমস্যা আছে তা অবগত হয়ে সমাধানের চেষ্টা করেন এই শিক্ষা অফিসার।

উপজেলার বিদ্যাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
চোয়ানিয়া বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
উপজেলার শেষপ্রান্তে অবস্থিত বোররচর ইউনিয়নে চর রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বোররচর বার্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুদারপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে- উপজেলা শিক্ষা অফিসার হিসাবে মনিকা পারভীন যোগদান করার পর থেকে আমাদের বিদ্যালয়ের যেকোন সমস্যা সমাধানে খুব সহজেই উনার সাথে যোগাযোগ জরে সমাধান করা যায়,অনেক বিদ্যালয়ের জমি সংক্রান্ত সমস্যার সমাধানের মধ্য দিয়ে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন।

সুত্র জানিয়েছে- উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর আগেও জেলার গৌরীপুর উপজেলায় শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করে সেখানেও শিক্ষার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা পারভীন বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার ম্যাডাম শুধু সরকারি ব্যবস্থাপনায় নয়, ব্যক্তিগত অর্থায়নেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ করেন। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষে বিদ্যালয়ে পার্ক স্থাপন, ফুটবল, ক্যারাম বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ, ক্লাস্টার অনুযায়ী বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, মেধাবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করেছেন।

ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, একটি জাতিকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার উপর বিশেষ নজর দিয়েছি আমি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত প্রয়োজন। কারণ, শিক্ষার যে বুনিয়াদ সেটি শুরু হয় প্রাথমিক শিক্ষার স্তরে, যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষার চেতনা এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায় তাহলেই সাধিত হবে উন্নয়ন। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার যে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উন্নয়নের যে মহাসড়কে আজ বাংলাদেশ ধাবমান, সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আগামী দিনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অত্যন্ত জরুরি।